শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর জমি পরিদর্শনে গিয়ে ভূমিদস্যুদের হামলায় ভূমি
কর্মকর্তাসহ দু’জন আহত হয়েছেন। ঐ দিন দুপুর দেড়টার দিকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামভদ্রপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহ আলম (৫০) বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হাই (৭৫)। তাদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাত ১০টায় ভেদরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
আহত রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহ আলম বলেন, দুপুরে আশ্রয়ণ প্রকল্প-২ এর জমি পরিদর্শনে যাই। এ সময় স্থানীয় ভূমিদস্যু মীর গোলাম মোস্তফা (৫৮), জিন্না মীর মালত (৬২) হঠাৎ লোকজন নিয়ে এসে অকথ্য ভাষায় গালাগালি করে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত সরকারি সাইনবোর্ড ভেঙ্গে ফেলে। তারা বাঁশ দিয়ে জমি দখলের চেষ্টা করে। প্রতিবাদ জানালে আমাকে লাথি , কিলঘুষি ও চড় মারে।এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এগিয়ে গেলে তাকেও মারধর করে। খবর পেয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আবদুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইমামুল হাফিজ নাদিম ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা করা করে। তবে তারা আহত হননি।
মামলার আসামি মোস্তফা ও জিন্নার মোবাইল নম্বরে বারবার কল দিয়ে তাদের পাওয়া যায়নি।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর জমি পরিদর্শনে গিয়ে দু’জন আহত হয়। তাদের উদ্ধারে গেলে আমরাও হামলার কবলে পড়ি। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় মামলা করেছি।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহলুল খান বাহার বলেন, হামলার ঘটনায় দু’জনের নাম উল্লেখ করে এবং চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহ আলম মামলা করেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।