প্রেম মানে না ধর্ম-বর্ণ-গ্রোত্র-দেশ। সে কথা আবার ও প্রমাণিত হলো। শরীয়তপুরের এক যুবকের প্রেমে পড়ে বাংলাদেশে চলে এসেছেন তাইওয়ানের এক তরুণী।ওই তরুণীর নাম লিইউ হুই বয়স মাত্র ৩১। বৃহস্পতিবার দুপুরে তাদের বিয়ে হয়েছে। বুধবার ছিল তাদের গায়ে হলুদ। বর শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের পশ্চিম লোনসিং গ্রামের মৃত জামাল উদ্দিন ছৈয়ালের ছেলে রমজান ছৈয়াল (৩৪)। তাইওয়ানের তরুণী লিইউ হুইয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নিনা ছৈয়াল। নিনা তার বাবা-মা ও ভাইকে নিয়ে গত সোমবার বাংলাদেশে আসেন। ওইদিনই ঢাকা আদালতে আইনজীবীর মাধ্যমে বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাম রাখেন নিনা। পরদিন তারা শরীয়তপুরে রমজানের বাড়িতে আসেন।
বর রমজান জানান, মাধ্যমিক পাস করে ছয় বছর আগে তিনি মালদ্বীপ যান। সেখানে তিনি ও (লিইউ হুই) নিনা একটি কোম্পানিতে কাজ করতেন। একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর আগে রমজান বাংলাদেশে চলে আসেন ও নিনা তাইয়ান ফিরে যান। তবে তাদের মধ্যে ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ সচল থাকে। পরে দুবাইয়ে চাকরি হয় নিনার। সেই সুবাদে নিনার টানে রমজানও দুবাই চলে যান।
নববধূ নিনা ছৈয়াল বলেন, আমি বাংলাদেশকে ভালোবাসি। রমজানকে ও ভালোবাসি। তার সঙ্গে বিয়ে হওয়ায় আমি আনন্দিত।