শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর অজ্ঞান অবস্থায় উদ্ধার হয়েছেন নাইম আকন নামে ছাত্রলীগের এক নেতা। তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে অজ্ঞান পার্টি এ ঘটনা ঘটাতে পারে বলে দাবি পুলিশের।মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কার্তিকপুর ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি সদর হাসপাতালে ভর্তি আছেন। নাইম গোসাইরহাট থানার নাগেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি কেচুয়ারচর গ্রামের বশির আকনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০ ফেব্রæয়ারি সন্ধ্যা থেকে নাইমকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গোসাইরহাট থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। বুধবার সকালে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় স্বজনরা।
নাইমের চাচা ইকবাল আকন বলেন, ভাতিজার এখনো ঠিকমতো জ্ঞান ফেরেনি। সুস্থ্য না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।
নাগেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম ঢালী জাগো নিউজকে বলেন, নাইম আমার দীর্ঘদিনের সহযোদ্ধা। তার সঙ্গে কখনো কারও ঝামেলা হয়েছে এরকম কথা এখন পর্যন্ত শুনিনি।
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসান ইবনে আমিন জাগো নিউজকে বলেন, নাইম আকনকে হাসপাতালে আনা হয়েছে রাত পৌনে ১২টায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে জ্ঞান ফেরার পর তিনি জানিয়েছেন তাকে কিছু একটা খাওয়ানো হয়েছে। তবে কে বা কারা তাকে কী খাইয়েছে তা এখনো বলতে পারেননি।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহালুল খান বাহার বলেন, স্থানীয়রা খবর দেওয়ার পর নাইমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তিনি এখন কিছুটা সুস্থ্য। আমার ধারণা অজ্ঞান পার্টি টাকা এবং মোবাইল ফোনের জন্য এ ঘটনা ঘটাতে পারে।