শরীয়তপুরে মহিলা সংস্থার কার্যালয়ে অগ্নিকান্ড: ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শরীয়তপুরে মহিলা সংস্থার কার্যালয়ে অগ্নিকান্ড: ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি



শরীয়তপুর জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২ এপ্রিল) ভোর রাতের দিকে জেলা শিল্পকলা একাডেমীর পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মহিলা সংস্থার ৩টি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথি ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
জেলা মহিলা সংস্থার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা শিল্পকলা একাডেমীর পাশে অবস্থিত জাতীয় মহিলা সংস্থার শরীয়তপুর জেলা কার্যালয়ে টিনশেডের তিনটি কক্ষ রয়েছে। তাতে দাপ্তরিক কাজ, প্রশিক্ষনের কাজ চলমান। রোববার ভোর রাতের দিকে ওই কার্যালয়ে আগুন লাগে। মুহুর্তের মধ্যে তিনটি কক্ষে আগুন ছড়িয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন করে।ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে ভোর সোয়া ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ওই তিনটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাব, প্রশিক্ষনের ১০টি সেলাই মেশিন, ১টি ফ্রিজ, ১টি কম্পিউটার পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এঘটনায় পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুর জেলা কার্যালয়ের চেয়ারম্যান এড.রওশন আরা বেগম বলেন, ভোর রাতের দিকে অফিসের পিয়নের কাছে খবর শুনে গিয়ে দেখি আগুনে আমাদের অফিশিয়াল ডকুমেন্টস, আলমারি, বিভিন্ন আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ অনেক কিছু পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়ার পরেই আমরা দুইটি ইউনিট গিয়ে ভোর সোয়া ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হতে পারে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ঘটনাটি ফায়ার সার্ভিসের কর্মকর্তরা প্রাথমিকভাবে ধারনা করছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। কিন্তু এরপরেও ঘটনাটি তদন্ত করা হবে।

Leave a Reply