শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজারের জুতাপট্টিতে আগুন লেগে কমপক্ষে ৯টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি। গত মঙ্গলবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে আংগারিয়া বাজারের ব্যবসায়ী মাসুদের জুতার দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সেই আগুন আশপাশে থাকা বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছায়। পরে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । তবে এর আগেই আগুনে পুড়ে ৯টি দোকান পুড়ে যায়।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শ্যামল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, আগুনে পাঁচটি দোকান পুরোপুরিভাবে পুড়ে গেছে। এছাড়া আরও চারটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এ ব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।