শরীয়তপুরে মায়ের জানাজায় হাত-কড়া ও ডান্ডাবেড়ি পড়ে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যেই জানাজার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। তার মা নাসিমা বেগম (৬৭) অসুস্থতাজনিত কারণে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় মারা যান। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ওই রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ বাড়ি শরীয়তপুরের সুজন দোয়াল এলাকায় জানাজায় অংশগ্রহণ করেন।
ছাত্রদল নেতার স্বজনসূত্রে জানা গেছে, গত রবিবার সকালে শরীয়তপুর সদর উপজেলার সুজন দোয়াল গ্রামের নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে মারা যান নাসিমা বেগম। মায়ের জানাজায় অংশ নিতে আইনজীবীর মাধ্যমে রবিবার সকালে জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন সেলিম রেজা। ওইদিন বিকাল সাড়ে ৪টা থেকে রাত ২টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্তি লাভ করেন। বিকাল ৪টা থেকে মুক্তি পাওয়ার কথা থাকলেও রাত পৌনে ১১টার দিকে পুলিশী পাহারায় তাকে মুক্তি দেওয়া হয়। তবে সোমবার ভোররাত ৩টায় শরীয়তপুর সদর উপজেলার সুজন দোয়াল গ্রামের বাড়িতে
পৌঁছান তিনি। এসময়ও তাকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পড়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেন। এসময় স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে পালং থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ছাত্রদল নেতা সেলিম রেজা রবিবার রাত ১০টার দিকে আসবে বলে খবর পাই। পরে রাত আড়াইটার দিকে আসে।
এব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, মায়ের জানাজার সময় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজার হাতকড়া ও ডান্ডাবেড়িই শুধু পড়ানোই হয়নি। পুলিশ তার পর্যন্ত ধরে রেখেছে। প্রশাসনকে বারবার বলার পরেও কোনো কাজ হয়নি। এই ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তবে সেলিম রেজার বড় ভাই স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটির সদস্য শামীম আহমেদ (০১৬২২-৯৭২৮৯৮) এর বক্তব্যের বারবার মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।জানাগেছে, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির সিনিয়র নেতাসহ অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে সেলিম রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তিনি কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।