শরীয়তপুর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

শরীয়তপুর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু


শরীয়তপুর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক চলাচলের কারণে গ্রেফতার ভারতীয় নাগরিক সতেন্দ্র কুমার (৪০) গতকাল বুধবার কারাগারে মারা গেছেন। বুধবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার জানান, শ্বাসকষ্ট নিয়ে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে তাকে আনা হয়। পরে ১২টা ২৫ মিনিটে ডাক্তার লিনিয়া সাদিয়া তার প্রেশার মেপে ভর্তি করে ওপরে পাঠান। ১২.৪০ মিনিটে তার পালস পাওয়া না গেলে মৃত ঘোষণা করা হয়। তিনি আরও জানান, রোগীর ময়না তদন্ত ছাড়া জানা যাবে না এটা স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু । সূর্যের আলো না থাকার কারণে ময়নাতদন্ত করা যায়নি।শরীয়তপুর কারাগারের জেলার দিদারুল আলম বলে, শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে গত ৮ অক্টোবর ২০২২ কারাগারে আনা হয়। আজ হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে দুপুর ১২টার দিকে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান তিনি মারা যান। শরীয়তপুর কারাগারে এখনও ৪৬ জন ভারতীয় নাগরিক রয়েছেন। এর মধ্যে ৮ জন নারী। মারা যাওয়া সতেন্দ্র কুমার ভারতের দিল্লির সাথুরা মুলতানপুর জেলার চেয়াপুর গ্রামের চন্দ্রপালের সন্তান। তার বিরুদ্ধে জাজিরা থানায় মামলা রয়েছে। শরীয়তপুর জেলসুপার আব্দুর রহিম বলেন, মৃত হাজতির লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে।

Leave a Reply