শরীয়তপুরের গোসাইরহাটে জয়ন্তী নদীতে গোসল করতে নেমে রবিউল ইসলাম (২০) নামের এক তরুণ নিখোঁজ

শরীয়তপুরের গোসাইরহাটে জয়ন্তী নদীতে গোসল করতে নেমে রবিউল ইসলাম (২০) নামের এক তরুণ নিখোঁজ

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের গোসাইরহাটে জয়ন্তী নদীতে গোসল করতে নেমে রবিউল ইসলাম (২০) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার উত্তর হাটুরিয়া এলাকার ফজলু ঢালীর বাড়ির পাশে জয়ন্তী নদীতে এ ঘটনা ঘটে। ২৪ ঘন্টা পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি ডুবুরি দল। নিখোঁজ রবিউল ইসলাম উপজেলার হাটরিয়া বাগান বাড়ি এলাকার আব্দুর সত্তার বেপারীর ছেলে। রবিউল পেশায় একজন রাজমিস্ত্রী।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে ৮ থেকে ১০ জন বন্ধুর সঙ্গে জয়ন্তী নদীর পশ্চিম পাড়ে গোসল করতে নামেন রবিউল ইসলাম। সঙ্গে থাকা বন্ধুরা নদীর পূর্ব পাড়ে সাঁতার কেটে চলে গেলেও রবিউল ইসলাম ভালো সাঁতার না জানায় মাঝ নদীতে তলিয়ে যান। বন্ধুরা রবিউলকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকেন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেন। না পেয়ে গোসাইরহাট থানা পুলিশ ও গোসাইরহাট ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের ৪ সদস্যের একটি ডুবুরি দল বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। আর ২৪ ঘন্টা পার হলেও রবিউল ইসলামকে উদ্ধার করতে পারেনি।
গোসাইরহাট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিল্টন মন্ডল বলেন, ঘটনার পর আমরা ঘটনাস্থলে যাই। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের ৪ সদস্যের একটি দল ঘটনাস্থলে এসে তিন ঘন্টা চেষ্টার পরও ওই তরুকে উদ্ধার করা যায়নি।
নিখোঁজ রবিউল ইসলামের চাচাতো বড় ভাই সফিক বেপারী বলেন, দুই ভাই এক বোনের মধ্যে রবিউল ইসলাম ছোট। সে রাজমিস্ত্রীর কাজ করতেন। ২৪ ঘন্টা পার হলেও রবিউলকে এখনো পাওয়া যায়নি। আমরা রবিউলকে জীবিত বা মৃত্যু ফিরে পেতে চাই।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে এখনও ওই তরুণকে পাওয়া যায়নি।

Leave a Reply