পদ্মা সেতুর সংযোগ সড়কে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় লাক্কু মাদবর (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৬জন।রোববার (১৬ এপ্রিল) সকাল ৮টায় শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় গোল চত্বর জমাদ্দার বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বসুমতি বাস একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যানে একজন অটোরিকশাচালক নিহত হয়। আরও ৬জন যাত্রী আহত হয়ে জাজিরা হাসপাতালে ভর্তি আছে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল বলেন, বাসচাপায় ভ্যানের ৬জন যাত্রী আহত ও একজন অটোরিকশাচালক নিহত হয়েছেন। সবাইকে প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়ার আবেদন করে আমরা জেলা প্রশাসককে পাঠিয়েছি।