শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা ফলাফলে এবারও শীর্ষস্থান ধরে রেখেছেন প্রতিষ্ঠানটি থেকে এ বছর বিজ্ঞান, ব্যবসায শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৪৮৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে ৪৮৪ জন পাস করেছেন। জিপিএ ৫ পেয়েছেন ২৪৭ জন। পাসের হার ৯৯ দশমিক ৭৯ শতাংশ।জেলায় এটাই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ২৪৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এইচএসসির ফলাফলে শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়েছেন। বুধবার ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়।ফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন।প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফরিদ আল হোসাইন বলেন, শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এ সফলতার মূল চাবিকাঠি।ভবিষ্যতে আমরা শিক্ষার সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।প্রতিষ্ঠানটি এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে বলেও জানান অধ্যক্ষ ফরিদ আল হোসাইন।