শরীয়তপুরে বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক

শরীয়তপুরে বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক

তাপদাহে উত্তপ্ত হয়ে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ১৭ কিলোমিটার অংশের অনেক স্থানে স্থানে বিটুমিন গলে গেছে। এ সড়ক নির্মাণে অনিয়মের কারণেই এমন হয়েছে বলে অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে সড়কটি পরিদর্শন করেছে দুদকের প্রতিনিধি দল। পরিদর্শনের আগে জেলা সড়ক ও জনপথ কার্যালয় থেকে সড়কটির সংস্কার কাজের নথিপত্র সংগ্রহ করে করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
শরীয়তপুর সওজ এবং দুদক মাদারীপুর সমন্বিত কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুর সদও উপজেলার মনোহরবাজার থেকে ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর(আলুর বাজার) ফেরিঘাট পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। এ সড়ক দিয়ে প্রতিদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন মেঘনা নদী পার হয়ে চট্টগ্রামে যাতায়াত কওে থাকে। বর্তমানে দুই লেনের সড়কটি চার লেনে উন্নীতকরণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। সড়কটি সচল রাখতে ৪৪ কোটি টাকা ব্যয়ে গত বছর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ভেদরগঞ্জের বালি বাড়ির মোড় থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত ১৭ কিলোমিটার অংশ বিটুমিন দিয়ে কার্পেটিং করে সংস্কার করা হয়। তবে তাপদাহ শুরু হওয়ার পর থেকে শরীয়তপুরের তাপমাত্রা বেড়ে ৩৭ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় সড়কটি উত্তপ্ত হয়ে বিভিন্ন স্থানের বিটুমিন গলে যায়।এতে সড়ক ও জনপথ বিভাগের বিরুদ্ধে কাজে অনিয়ম বা নিম্মমানের কাজ করার অভিযোগ ওঠে।
মাদারীপুর জেলা সমন্বিত কার্যালয়ে দুদক উপপরিচালক আতিকুর রহমান জানান, সড়কটি পরিদর্শনে এসে প্রাথমিকভাবে পিচ গলে যাওয়ার সত্যতা পায়। এই সড়কের পিচসহ অন্যান্য উপকরণ ও কাজের মান ঠিক ছিল কিনা তা পরীক্ষা করা হবে। যদি ঠিক না থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দুদক।

Leave a Reply