শরীয়তপুর দুদকে অভিযোগ করায় এসকেন্দারের ওপর সন্ত্রাসী হামলা

শরীয়তপুর দুদকে অভিযোগ করায় এসকেন্দারের ওপর সন্ত্রাসী হামলা


এসকেন্দার ঢালী নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ৫০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় শরীয়তপুর বিসিকের উপ-ব্যবস্থাপক মো. মনির হোসেনকে। এ ঘটনার পর সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন অভিযোগকারী এসকেন্দার ঢালী।বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এসকেন্দার ঢালী বাদী হয়ে পালং মডেল থানায় হত্যার চেষ্টার অভিযোগ এনে মামলা করেন। শুক্রবার (৭ এপ্রিল) সকালে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
পালং থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার এসকেন্দার ঢালীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক মো. মনির হোসেনকে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর জেরে ধরে শরীয়তপুর বিসিক শিল্প নগরী থেকে বিকেল অনুমান ৩টায় অটোরিকশায় করে ফেরার পথে কয়েকটি মোটরসাইকেল যোগে কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। এদের নেতৃত্বে ছিলেন শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারের ভাই কবির চৌকিদার। সেখান থেকে অটোরিকশাসহ তাকে মুন্সিরহাট নদীর পাড়ে নিয়ে হাতুী ও লাঠি দিয়ে বেদম মারধর করে তারা। এতে তার একটি পা ভেঙ্গে যায়। তাকে হাসপাতালে যেতেও বাধা দেয় তারা। পরে খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই রাতেই শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারসহ ৮জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৪/৫জনকে আসামি করে পালং মডেল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন এসকেন্দার ঢালী।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply