শরীয়তপুরে ঐতিহ্যের নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কীর্তিনাশা নদীতে নৌকাবাইচ দেখতে ভিড় করে হাজারো মানুষ।
আয়োজক কমিটির এক সদস্য জানান, প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে ২০টি নৌকা নেয়। প্রত্যেক নৌকায় ৫০-৬০ জন মাঝি বৈঠা হাতে অংশ নেয়। প্রতিযোগিতায় তাইজুল ইসলাম সরকারের নৌকা প্রথম স্থান অধিকার করে।
এছাড়াও শাওন মুন্সির নৌকা দ্বিতীয় ও সুমন সরদারের নৌকা তৃতীয় স্থান অর্জন করে। পানসি নৌকার মধ্যে আলী হোসেন চৌকিদারের নৌকা প্রথম স্থান, মুমিন হোসেনের নৌকা দ্বিতীয় ও স্বপন বেপারীর নৌকা তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে তিনটি ফ্রিজ তিনটি টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।
আয়োজক কমিটির সভাপতি সুরুজ আহমেদ খান বলেন, নৌকাবাইচ আমাদের হাজার বছরের ঐতিহ্য। এখন এটি প্রায় বিলুপ্তির পথে। এ ঐতিহ্য ধরে রাখতে এবং মানুষকে আনন্দ দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।