শরীয়তপুরে বাসের ধাক্কায় মায়ের সামনেই ছেলের মৃত্যু!
শরীয়তপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাফিন ছৈয়াল (৮) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিন ছৈয়াল ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর ইউনিয়নের মহিষার এলাকার শাহিন ছৈয়ালের ছেলে। সে শহরের পালং বাগিয়া মাহমুদিয়া ইসলামিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর ইউনিয়নের মহিষার এলাকা থেকে মা খাইরুন বেগমের সঙ্গে বাড়ি থেকে অটোরিকশায় করে মাদরাসায় ফিরছিল সাফিন। শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ড এলাকার ফারুক চৌকিদারের বাসার সামনে অটোরিকশা থেকে নামলে শরীয়তপুর সুপার সার্ভিসের ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয় সাফিনকে। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।