শরীয়তপুরে ১মণ দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন আবুল হাসেম সরদার (৬০) নামের এক ব্যক্তি। শুক্রবার (১ সেপ্টেম্বর) শহরের ধানুকা এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালুর বাসভবনের সামনে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ত্যাগের ঘোষণা
দেন তিনি।
সদ্যযোগদানকৃত হাসেম সরদার জানান, বাল্যকাল থেকে আওয়ামী লীগের সমর্থক আমি। শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে মিছিল করেছি। বড় হওয়ার পর প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফ ও ঢাকার সূত্রাপুর থানার নেতা নাছিরের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। সর্বশেষ শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি ছিলাম।দলের জন্য অনেকবার জেল খেটেছি। ৬টি বছর জেলে বন্দি ছিলাম আওয়ামী লীগ করার কারণে। কিন্তু আমাকে মূল্যায়ন করা হয়নি। আওয়ামী লীগের জন্য এতো কিছু করলাম কিন্তু আওয়ামী লীগ আমাকে কিছুই দেয়নি। তাই আমি মনের দুঃখে ও ক্ষোভে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে বিএনপিতে যোগদান করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসেম সরদার নামের ওই ব্যক্তি নিজ মাথায় দুধ ঢেলে গোসল করছেন। কেউ কেউ আবার তার মাথায় দুধ ঢেলে দিচ্ছেন। দুধ দিয়ে গোসল করার সময় আওয়ামী লীগের বিরুদ্ধ বিভিন্ন ¯েøাগান দিতেও শোনা যায়।
এরপূর্বে আবুল হাসেম সরদার গত বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডের রসুল সরদারের বাড়িতে বিএনপি নেতা মজিবুর রহমান মাদবরের হাতে ফুল দিয়ে তিনি আওয়ামীলীগ ত্যাগ করে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মোঃ আবুল হোসেন সরদার,জেলা যুবদলের সাধারন সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ,যুগ্নসম্পাদক আতিক মোল্যা ,জেলা মৎস্যজীবি দলের আহবায়ক খোকন বেপারী,জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইসহাক সরদারসহ অনেকে।
এ বিষয়ে শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ ব্যাপারী বলেন, হাসেম সরদার আওয়ামী লীগের কর্মী ছিলেন। তিনি দলের পদধারী কোনো নেতা নন। এছাড়া তিনি যে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি দাবি করেছেন সেটিও সঠিক নয়। বিএনপিতে যোগদান এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।
এ ব্যাপারে মজিবুর রহমন মাদবর বলেন,বিএনপি একটি সুশৃংখল ও শান্তি প্রিয় দল ।এ দলের সকল প্রতিষ্ঠাতা কর্মী বান্ধব ও দেশ প্রেমিক। এ দলের দরজা সকলের জন্য উন্মুক্ত। আমি আবুল হাসেম কে অভিনন্দন জানাই।